চলতি বছরের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ও ‘জবাবদিহিতা’ নামের পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে সহায়তা পাওয়া উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়। পোস্টে জানানো হয়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কথা বিবেচনা করে তালিকায় এনআইডি নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। তবে প্রশাসনিক প্রয়োজনে তথ্য যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে।
হাসনাত আবদুল্লাহ জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে এক হাজার ব্যক্তিকে নগদ এক হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে আরও ৫০০ জনের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য। তবে তিনি স্বীকার করেন, উপজেলার সব সুবিধাবঞ্চিত মানুষ এই সহায়তার আওতায় আসেননি। সরকারি বরাদ্দের সীমাবদ্ধতার কারণে এক হাজার জন নগদ সহায়তা এবং ৫০০ জন ঈদ সামগ্রী পেয়েছেন। ফলে এখনও কিছু অসহায় মানুষ সহায়তার বাইরে থাকতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
