আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অসামান্য ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সুসংগঠিত করেন।
এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে সংঘটিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বিশেষ করে, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া তাঁর ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির মুক্তির ডাক হিসেবে বিবেচিত। ওই ভাষণে তিনি স্বাধীনতার জন্য প্রস্তুতির আহ্বান জানান, যা মুক্তিযুদ্ধে জনগণকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে। স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশের মানুষ। দিবসটি উপলক্ষে অতীতে বিভিন্ন সময়ে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি পালন করা হতো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন পৃথক বাণী দিতেন।
তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এ দিবসের রাষ্ট্রীয় উদযাপন পূর্বের মতো আর দেখা যায় না। তবুও ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান বাঙালি জাতির চেতনায় চিরজাগ্রত হয়ে থাকবে।
