বাড়িআন্তর্জাতিকমালয়েশিয়া সফর শেষে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান, দালিয়ানে শুরু দুই দিনের ব্যস্ত...

মালয়েশিয়া সফর শেষে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান, দালিয়ানে শুরু দুই দিনের ব্যস্ত কর্মসূচি

দুই দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট চীনের দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। বিমানবন্দরে লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে স্বাগত জানান।
পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে দালিয়ানের হোটেল শাংগ্রি-লাতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দুই দিন অবস্থান করবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এর আগে সোমবার বিকেল ৫টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
দালিয়ানে দুই দিনের কর্মসূচি শেষে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে শুরু হবে তার সরকারি সফরের মূল পর্ব। সফরকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সভা বা ২০২৬ সামার দাভোস ফোরামে অংশ নেবেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীন ও বাংলাদেশের সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে। তাদের মতে, দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।
এর আগে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেন। পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং আরও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ