বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়বগুড়া-৬ উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম, আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭.০২%

বগুড়া-৬ উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম, আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭.০২%

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও প্রথম আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৭ দশমিক ০২ শতাংশ।

সকাল সোয়া ১০টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে এই হার গণনা করা হয়েছে, যেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত নয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে পৌর এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অনেক জায়গায় ভোটার উপস্থিতি ছিল খুবই কম। কিছু কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩ থেকে ৪ শতাংশ।
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা।
আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব। পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও কাজ করছে।
মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ১৫০টি এবং বুথ রয়েছে ৮৩৫টি, যার মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ