বাড়িফিচারকোরবানি থেকে রক্ষা পেল বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, ঠাঁই হলো মিরপুর...

কোরবানি থেকে রক্ষা পেল বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, ঠাঁই হলো মিরপুর চিড়িয়াখানায়

পবিত্র ঈদুল আজহায় কোরবানি হচ্ছে না আলোচিত অ্যালবিনো জাতের বিরল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। শেষ মুহূর্তে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সেটিকে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে জন্ম নেওয়া এই বিরল অ্যালবিনো মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর মতো হওয়ায় ফার্ম মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। ব্যতিক্রমী নাম ও অদ্ভুত সৌন্দর্যের কারণে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে মহিষটি।
জানা গেছে, ভাইরাল হওয়ার আগেই প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা মনিরুজ্জামান সামির ৫৫০ টাকা কেজি দরে কোরবানির উদ্দেশ্যে কিনে নেন।
মহিষটির ক্রেতা সামিরের চাচা শ্বশুর মো. তাইবুর রহমান বলেন, “আমরা মূলত ঈদুল আজহার কোরবানির জন্য মহিষটি কিনেছিলাম। পরে জানতে পারি এটি অ্যালবিনো জাতের অত্যন্ত বিরল একটি মহিষ। প্রাণিসম্পদ মন্ত্রণালয় এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় আমরা মহিষটি তাদের কাছে হস্তান্তর করেছি।”
তিনি আরও বলেন, “এমন বিরল প্রাণী দেশের সম্পদ। এটি সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্মও দেখতে পারবে। সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”
ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মেহেদী হাসান ভূইয়া জানান, অ্যালবিনো জাতের এই মহিষটি অত্যন্ত বিরল হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কোরবানির জন্য যিনি মহিষটি কিনেছিলেন, তার কাছ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে মহিষটি গ্রহণ করা হয়েছে। পরে সেটিকে সংরক্ষণের জন্য মিরপুর চিড়িয়াখানায় পাঠানো হয়।
তিনি বলেন, “বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণে সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে গবেষণা ও প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ