বুধবার, মে ৬, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় দিল্লি

সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় দিল্লি

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ তার অগ্রাধিকার ঠিক করলে দিল্লি ঢাকার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন ছিল, তা থেকে বেরিয়ে এসে ঢাকার সঙ্গে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় ভারত সরকার।

নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এমনটাই জানিয়েছেন। তিনি তিস্তার পানিবণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার প্রত্যাবাসন, বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভিসাসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

বিক্রম মিশ্রি বলেন, পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিই হবে বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি। আমরা বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত (এনগেজমেন্ট) হতে আগ্রহী। ভারত এই সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। বাংলাদেশ তার অগ্রাধিকারগুলো নির্ধারণ করলে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, দুই দেশের জনগণের কল্যাণে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে।

বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং তারা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। তবে আমরা চাইব না যে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাংলাদেশ এমন কোনো সম্পর্কে জড়াক, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যোগাযোগের গতি কিছুটা ধীর ছিল, তবে ভারত যোগাযোগের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছে। তিনি বলেন, ‘আমি ২০২৪ সালে ঢাকা সফর করেছি এবং ২০২৫ সালে ব্যাংককে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ শুরু হয়েছে। বিভিন্ন দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মের বৈঠক আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে। বাণিজ্য বৃদ্ধি, ভিসা সহজীকরণ এবং সেপা (CEPA) চুক্তির মতো বিষয়গুলো নিয়ে দুই দেশই আগ্রহী।’

ভারত বাংলাদেশের সাথে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়— বিক্রম মিশ্রি / ঢাকা

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশে বিতর্কিত নির্বাচনে ভারতের সহযোগিতার দাবি নাকচ করে দিয়ে পররাষ্ট্র সচিব বলেন, “অতীতে আমরা বাংলাদেশের সব সরকারের সঙ্গেই কাজ করেছি। কিন্তু ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এ ভারতের কোনো সহযোগিতা ছিল না। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের জনগণই তাদের নেতা নির্বাচন করবে। বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় থাকুক, আমরা তাদের সঙ্গেই কাজ করব।”

অতীতে আমরা বাংলাদেশের সব সরকারের সঙ্গেই কাজ করেছি। কিন্তু ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এ ভারতের কোনো সহযোগিতা ছিল না। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের জনগণই তাদের নেতা নির্বাচন করবে। বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় থাকুক, আমরা তাদের সঙ্গেই কাজ করব

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ