ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা এবং পুঁজিবাজার খুলেছে।
আজ থেকে সরকারি অফিসগুলো স্বাভাবিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোও রমজানের আগের নিয়মে ফিরেছে। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, আর অফিসিয়াল কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে স্বাভাবিক সময়ে। এখানে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে এবং অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, এ বছর সরকার ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে সাত দিন করে। শবে কদর (১৭ মার্চ) ও ঈদের ছুটির মাঝখানে ১৮ মার্চ কর্মদিবস থাকলেও নির্বাহী আদেশে তা ছুটি ঘোষণা করা হয়। ফলে ১৭ মার্চ থেকে শুরু হয় টানা ছুটি, আর ঈদের আগে সর্বশেষ কর্মদিবস ছিল ১৬ মার্চ।
অন্যদিকে, সংবাদপত্র সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরাও পাঁচ দিনের ছুটি শেষে আজ কর্মস্থলে ফিরেছেন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল।
তবে কর্মজীবীদের জন্য স্বস্তির খবর হলো, অফিস খোলার একদিন পরই আবার মিলছে টানা তিন দিনের ছুটি। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সরকারি ছুটির সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি। ফলে আবারও দীর্ঘ বিরতির সুযোগ পাচ্ছেন সাধারণ চাকরিজীবীরা।
