৪৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে কমিশনের অনুমোদনক্রমে ৩ হাজার ৬৩১ জনকে সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
প্রকাশিত ফলাফল ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে যুক্তিসংগত কারণে ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা করার অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। এর আগে ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করে নজির সৃষ্টি করে পিএসসি।
এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
