অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাতীয় জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় সংগীত ব্যান্ড ওয়ারফেজ–কে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ আয়োজিত এক সুধী সমাবেশে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তুলে দেন তিনি।
জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে পদকপ্রাপ্ত ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের হাতে একুশে পদক তুলে দেন তিনি।
যাঁরা পেলেন একুশে পদক:নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদকপ্রাপ্তরা হলেন,
চলচ্চিত্রে — ফরিদা আক্তার ববিতা
চারুকলায় — মো. আবদুস সাত্তার
স্থাপত্যে — মেরিনা তাবাশ্যুম
সংগীতে (মরণোত্তর) — আইয়ুব বাচ্চু
নাট্যকলায় — ইসলাম উদ্দিন পালাকার
সাংবাদিকতায় — শফিক রেহমান
শিক্ষায় — মাহবুবুল আলম মজুমদার
ভাস্কর্যে — তেজস হালদার যশ
নৃত্যকলায় — অর্থী আহমেদ
সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা পদক গ্রহণ করেন। অন্যদিকে ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর পক্ষে পুরস্কার নেন দলনেতা শেখ মনিরুল আলম। অনুষ্ঠানের পরিবেশ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন সচিব মো. মফিদুর রহমান।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পদকপ্রাপ্তদের নাম ও অবদানের বিবরণ পাঠ করেন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
অমর একুশের চেতনাকে ধারণ করে জাতির কৃতী সন্তানদের এই রাষ্ট্রীয় স্বীকৃতি আয়োজনকে করে তোলে আরও গৌরবময়।
