বাড়িআন্তর্জাতিকস্পেনের দাপুটে জয়, সৌদি আরবকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়

স্পেনের দাপুটে জয়, সৌদি আরবকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়

স্পেন ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। রোববার (২১ জুন) আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লা রোজারা।

প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করার পর কিছুটা চাপেই ছিল স্পেন। তবে উরুগুয়ের বিপক্ষে রক্ষণাত্মক দৃঢ়তায় এক পয়েন্ট পাওয়া সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
৬৮ হাজার দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল বল স্পর্শ করলেই করতালিতে ফেটে পড়ছিল গ্যালারি। ম্যাচের ১০ মিনিটেই সেই উচ্ছ্বাসের প্রতিদান দেন তরুণ এই তারকা। আলেক্স বায়েনার নিচু ক্রস থেকে বল পেয়ে গোল করে স্পেনকে এগিয়ে দেন তিনি।
২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওইয়ারসাবাল। বায়েনার কর্নার থেকে সৌদি রক্ষণ বল পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি। তিন মিনিট পর পেদ্রো পোরোর ক্রস থেকে মার্ক কুকুরেয়ার হেডে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ওইয়ারসাবাল। এতে প্রথম ২৪ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
৩৬ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ওইয়ারসাবাল। তবে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসের ভুল পাস কেটে নেওয়ার পর তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৩-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একবার কাঁপে সৌদি জাল। ৪৯ মিনিটে আলেক্স বায়েনার কর্নার থেকে মার্ক কুকুরেয়ার ভলি প্রথমে ঠেকান আল ওয়াইস। তবে ফিরতি বল ডিফেন্ডার হাসান আল তামবাকতির গায়ে লেগে জালে জড়িয়ে গেলে আত্মঘাতী গোলের সুবাদে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
এরপর ম্যাচের বাকি সময় পুরোপুরি নিয়ন্ত্রণ ধরে রাখে লা রোজারা। মানসিক ও কৌশলগতভাবে আর ম্যাচে ফিরতে পারেনি সৌদি আরব। ফলে বড় জয় নিয়েই বিশ্বকাপে প্রথম তিন পয়েন্টের দেখা পেল স্পেন।
এই জয়ে গ্রুপ ‘এইচ’-এ স্পেনের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্ট। অন্যদিকে সৌদি আরবের ঝুলিতে রয়েছে ১ পয়েন্ট।
সমালোচনার জবাব ওইয়ারসাবালের
কেপ ভার্দের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে সমালোচনার মুখে পড়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। তবে সৌদি আরবের বিপক্ষে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দুর্দান্তভাবে জবাব দিয়েছেন রিয়াল সোসিয়েদাদের ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। স্পেনের হয়ে শেষ ১৩ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১৪।
বিশ্বকাপে প্রথম গোল ইয়ামালের
সৌদি আরবের বিপক্ষে গোল করে ফিফা বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন লামিন ইয়ামাল। ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপে গোল করা ইতিহাসের সপ্তম ফুটবলার হয়েছেন তিনি। গোলের পর সিজদা দিয়ে উদযাপন করেন মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ এই তারকা।
ওয়াটার ব্রেক নিয়ে দর্শকদের অসন্তোষ
দ্বিতীয়ার্ধে ওয়াটার ব্রেকের সময় আটলান্টা স্টেডিয়ামের কিছু দর্শক অসন্তোষ প্রকাশ করেন। অনেক সমর্থকের মতে, ছাদ ও শীতাতপ নিয়ন্ত্রিত সুবিধা থাকা স্টেডিয়ামে খেলা থামিয়ে ওয়াটার ব্রেকের প্রয়োজন ছিল না।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ