ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১৪ নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করেছে ইয়েমেনের উপকূলরক্ষী ও নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক রয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) হুথি-নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদাইদার প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে এমএসভি ফাইজ নুরে ওলিয়া নামের জাহাজটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়। হামলার পর জাহাজটি উল্টে গিয়ে ডুবে যায়।
ইয়েমেনের জাতীয় প্রতিরোধ বাহিনী, যা ‘প্রজাতন্ত্রের রক্ষীবাহিনী’ নামেও পরিচিত, এক বিবৃতিতে জানায়, উপকূলরক্ষী ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১৪ নাবিককে উদ্ধার করে। পরে তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয় এবং নিরাপদে মোখা বন্দরে নিয়ে যাওয়া হয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার এটিকে ‘উস্কানিহীন হামলা’ বলে অভিহিত করেছে। দেশটির কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, একটি প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতীয় পতাকাবাহী জাহাজটি উল্টে ডুবে যায়।
তিনি জানান, এ অঞ্চলে অবস্থানরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উদ্ধার হওয়া নাবিকদের সব ধরনের সহায়তা দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নিতে ডিরেক্টর জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে (ডিজিএমএ) নির্দেশ দেওয়া হয়েছে।
এক্সে দেওয়া এক পোস্টে সোনোয়াল বলেন, “অসুরক্ষিত যান্ত্রিক নৌযানটির ওপর এই বিনা উস্কানির হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। আমাদের নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। স্বস্তির বিষয়, ১৪ নাবিকের সবাইকে, যার মধ্যে ১৩ জন ভারতীয়, ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী নিরাপদে উদ্ধার করেছে।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের আহ্বান
ভারত এ ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ উল্লেখ করে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, “এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌচলাচল ও বাণিজ্য দ্রুত পুনরুদ্ধার করতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, সংঘাতপূর্ণ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক নৌপরিবহন ও নাবিকদের নিরাপত্তা নতুন করে হুমকির মুখে পড়েছে।
বাড়ছে আঞ্চলিক উত্তেজনা
গত মাসে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এটি নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মানদেব প্রণালীর নিরাপত্তার ওপরও পড়তে পারে।
উল্লেখ্য, ইরান-সমর্থিত হুথিরা উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা এবং লোহিত সাগরের মোহনায় অবস্থিত কৌশলগত বাব এল-মানদেব প্রণালী-সংলগ্ন উপকূল নিয়ন্ত্রণ করে। এই প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ হিসেবে বিবেচিত।
