যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যজুড়ে আরও ব্যাপক ও তীব্র পাল্টা আঘাত হানা হবে।
বুধবার (১০ জুন) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, নিরাপত্তাজনিত কারণে সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিক ও বাসিন্দাদের শান্ত থেকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কেশম দ্বীপ এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, ওই হামলায় সিরিকের বেমানি এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।
ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাব হিসেবে ইরানের কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। এর পরপরই আইআরজিসি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, “শত্রুর আগ্রাসনের জবাবে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।” তবে হামলায় কতটি ড্রোন ব্যবহার করা হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর জানিয়েছে, মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি যৌথভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও কঠোর ও ব্যাপক হামলা চালানো হবে।”
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কোনো হামলা বা হুমকির জবাব দিতে ইরান পিছপা হবে না।” যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, “নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান।” সাম্প্রতিক এ পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
