বাড়িআন্তর্জাতিকপ্রথমবার ঢাকা সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক

প্রথমবার ঢাকা সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নিতে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সার্জিও গরের এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি সম্পর্কে ওয়াশিংটনের আগ্রহ রয়েছে।
সূত্রগুলো জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ঢাকার পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও ভবিষ্যৎ অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করা সার্জিও গর ঢাকা-দিল্লি সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের অগ্রগতি সম্পর্কে জানতে চাইতে পারেন। একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা, রাশিয়া ও তুরস্কের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন। সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকেও উপস্থিত ছিলেন সার্জিও গর। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গর ভারতের মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ-মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব পালনের আগে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক ছিলেন। তাঁর এই ঢাকা সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ