শেষ মুহূর্তের নাটকীয়তার পর ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের সামরিক হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার (৮ এপ্রিল) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প জানান, শাহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর বিশেষ অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে হামলা স্থগিতের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্তও জুড়ে দিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে অবিলম্বে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদভাবে উন্মুক্ত করতে হবে। অন্যথায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে, ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানান তিনি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্টের নজরে এসেছে এবং এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেওয়া হবে।
এ বিষয়ে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে বোঝা যাচ্ছে—সংকটের সংবেদনশীল ধাপ থেকে কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, এখন প্রয়োজন অপ্রয়োজনীয় হুমকি বা উত্তেজনা না বাড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সৌজন্য বজায় রাখা।
