বাড়িঅর্থনীতিচার মাসের অবরোধ কাটিয়ে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

চার মাসের অবরোধ কাটিয়ে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ চার মাস আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে প্রণালিটি অতিক্রম করে। বর্তমানে জ্বালানি (বাংকারিং) গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর ‘বাংলার জয়যাত্রা’ এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি ক্রু ও নাবিক সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ অবস্থায় রয়েছেন।
এর আগে ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে ইরান-ইসরাইল সংঘাত ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলে নিরাপত্তা সংকট তৈরি হয়।
সংঘাতের প্রভাবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত পারস্য উপসাগরে আটকা পড়ে ‘বাংলার জয়যাত্রা’। ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় জাহাজটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসসি। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশে যাওয়ার জন্য সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করা হলেও হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় যাত্রা শুরু করা সম্ভব হয়নি।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ৮ এপ্রিল রাস আল খায়ের বন্দর ত্যাগ করলেও ১০ এপ্রিল হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে জাহাজটি। তখন ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয়।
সবশেষ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক সমঝোতা চুক্তি এবং বাংলাদেশ সরকারের দীর্ঘ ও নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলে সোমবার দিবাগত রাতে বহু প্রতীক্ষিত হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয় ‘এমভি বাংলার জয়যাত্রা’।
এ ঘটনায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিপিং করপোরেশন এবং জাহাজে থাকা নাবিকদের পরিবারে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ