বাড়িআন্তর্জাতিকএমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে সুপার সিক্সটিনে ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে সুপার সিক্সটিনে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার এক গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপের সুপার সিক্সটিনে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে দাপুটে জয় তুলে নেয় দিদিয়ের দেশমের শিষ্যরা।

মঙ্গলবার (৩০ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনে দল সাজান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। শুরুর একাদশে জায়গা পান লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, উইলিয়াম সালিবা ও ব্র্যাডলি বারকোলা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। তবে সুইডেনও পাল্টা আক্রমণে কয়েকবার হুমকি তৈরি করে। চতুর্থ মিনিটেই আলেকসান্দার ইসাকের শট সহজেই প্রতিহত করেন ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁ।
২১ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৩২ মিনিটে রাবিওর জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দেন সুইডিশ গোলরক্ষক ইয়াকব ভিডেল জেটারস্ট্রম। এক মিনিট পর ওলিসের ক্রস থেকে এমবাপ্পের শট পোস্টে লেগে ফিরে আসে।
৩৭ মিনিটে অসাধারণ এক ওভারহেড কিকে পোস্টে আঘাত করেন মাইকেল ওলিসে। ফিরতি বলে উসমান দেম্বেলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। অন্যদিকে, প্রথমার্ধের শেষ দিকে সুইডেনও গোলের সুযোগ পেলেও ইসাকের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে দূরের কোণে বল জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। গোলের পর সাম্প্রতিক কঠিন সময় পার করা কোচ দেশমের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন ফরাসি অধিনায়ক। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফরাসিরা। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। মাইকেল ওলিসের চমৎকার পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন পিএসজির এই ফরোয়ার্ড।
৫৭ মিনিটে কর্নার থেকে লুকাস বার্গভালের হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ৬২ মিনিটে আবারও গোলের খুব কাছে পৌঁছে যান ওলিসে, তবে তার দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন জেটারস্ট্রম।
৭২ মিনিটে এমবাপ্পের পাস থেকে নিশ্চিত গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন ওলিসে। তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি সুইডেনের। ৭৪ মিনিটে আবারও ওলিসের পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসির সমতায় পৌঁছে যান ফরাসি অধিনায়ক।
শেষ দিকে দুই দলই একাধিক পরিবর্তন আনলেও ম্যাচের ফল বদলায়নি। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ