গণ-অভ্যুত্থান দমনে কঠোরতা এবং হত্যার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন।
এই বিক্ষোভ মূলত দেশের দীর্ঘদিনের দুর্নীতি, অর্থনৈতিক মন্দা এবং সাধারণ মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ থেকে উদ্ভূত হয়েছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার তদন্তে গঠিত একটি কমিটি সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং লেখককে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার সুপারিশ করেছিল।
এই সুপারিশের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ঠিক একদিন আগে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক র্যাপার বালেন শাহ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো ওলি বা লেখকের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো চার্জ গঠন করা হয়নি। গ্রেপ্তার ওলি এই তদন্তকে চরিত্রহনন এবং ঘৃণার রাজনীতি বলে প্রত্যাখ্যান করেছেন।অন্যদিকে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, “এটি কোনো প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার শুরু মাত্র।”
