বাড়িআইন-আদালতদারফুরে ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

দারফুরে ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

পশ্চিম সুদানের দারফুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লয়ার্স’ এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার দুপুর ১টার দিকে উত্তর দারফুর অঙ্গরাজ্যের গারা আল-জাওয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী আদালতে হামলাটি চালানো হয়। ওই সময় স্থানীয় বিভিন্ন মামলা ও বিরোধের শুনানিতে অংশ নিতে বহু মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।
ইমার্জেন্সি লয়ার্স জানায়, হামলায় আদালতের স্থাপনাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগঠনটি সুদানের চলমান গৃহযুদ্ধে উভয় পক্ষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করে আসছে।
নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে একটি গাছের নিচে আদালতের কার্যক্রম চলছিল। হামলায় নিহতদের মধ্যে চারজন গোত্রপ্রধান এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর দুই কমান্ডার রয়েছেন বলেও তিনি দাবি করেন।
গারা আল-জাওয়া গ্রামটি বর্তমানে আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। এটি কাবকাবিয়া শহরের কাছে, যা দারফুরে সেনাবাহিনীর পূর্ববর্তী গুরুত্বপূর্ণ ঘাঁটি এল-ফাশের থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানি সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত বাহিনী এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আল জাজিরা ও এএফপি

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ