বাড়িআন্তর্জাতিকক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস বিমানঘাঁটিতে পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পর বিমানটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে এডওয়ার্ডস বিমানঘাঁটির ৪১২তম টেস্ট উইংয়ের ডেপুটি কমান্ডার কর্নেল জেমস হেইস বলেন, “আজ আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।”
নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিমানবাহিনী।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিমানবাহিনীর রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে অংশ নিয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি রানওয়ে এলাকায় বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পর বিমানঘাঁটি থেকে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। তবে বিস্তারিত প্রযুক্তিগত বিশ্লেষণ ও পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হতে ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে।
বি-৫২ স্ট্রাটোফোরট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে এটি মার্কিন বিমানবাহিনীর সেবায় রয়েছে। বিশাল আকার ও শক্তিশালী সক্ষমতার কারণে এটি ‘দ্য বাফ’ (BUFF) নামেও পরিচিত। বিমানটি প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম এবং দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতেও বিশ্বের বিভিন্ন সামরিক অভিযানে বি-৫২ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মার্কিন বিমানবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য এই বোমারু বিমানের সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
দুর্ঘটনার পর মার্কিন রাজনীতিক ও সামরিক কর্মকর্তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ