বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে নাটকীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে বেলজিয়াম। দুই গোলে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল করে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের দলটি। বৃহস্পতিবার (২ জুলাই) সিয়াটলে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে ১২৫তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন ইউরি টিলেমানস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। প্রথম দিকে ইসমাইলা সার গোলের সুযোগ পেলেও তার শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ২৫তম মিনিটে আর ভুল করেনি আফ্রিকার প্রতিনিধিরা। সাদিও মানের ক্রস থেকে ইসমাইলা সারের হেড পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে সাত গজ দূর থেকে জালে বল পাঠান হাবিব দিয়ারা।
প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল সেনেগাল। বিরতির পর বেলজিয়াম দলে পরিবর্তন এনে মাঠে নামায় রোমেলু লুকাকুকে। কিন্তু ৫১তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় সেনেগাল। মুসা নিয়াখাতের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন ইসমাইলা সার।
২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেলজিয়াম। নির্ধারিত সময়ের শেষ চার মিনিটে টমাস মুনিয়েরের নিচু ক্রস থেকে ব্যবধান কমান লুকাকু। এরপর লিয়ান্দ্রো ত্রোসারর ভাসিয়ে দেওয়া বলে হেড করে সমতা ফেরান ইউরি টিলেমানস। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে আসে নাটকীয় মোড়। গোলমুখে আসা বল ক্লিয়ার করতে গিয়ে সেনেগালের লামিন কামারা টিলেমানসকে ফাউল করলে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি। ১২৫তম মিনিটে স্পট কিক থেকে দুর্দান্ত শটে বল জালের ওপরের কোণায় পাঠিয়ে বেলজিয়ামকে স্মরণীয় জয় এনে দেন টিলেমানস।
এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া বেলজিয়াম আগামী সোমবার সিয়াটলে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।
অন্যদিকে, সেনেগালের জন্য এটি ছিল হৃদয়ভাঙা এক পরাজয়। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার, দুইবার পোস্টে বল লাগানো এবং ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে ব্যর্থ হয় তারা। দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পর শেষ ৩২ থেকে বিদায় নেওয়া চতুর্থ আফ্রিকান দল হিসেবে নাম লেখাল সেনেগাল।
