গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের সাবেক মেয়র ও প্রবীণ রাজনীতিক আলহাজ আনিসুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই শোককে আরও গভীর করেছে একটি হৃদয়বিদারক ঘটনা বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোকে মারা গেছেন তাঁর ছোট বোন রাশিদা আক্তার।
রবিবার (৭ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেয়র আনিসুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়র আনিসুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তা দেখে তীব্র মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন ছোট বোন রাশিদা আক্তার। তাৎক্ষণিক তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রাশিদা আক্তার শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের একরাম মোল্লার স্ত্রী।
স্বজনরা জানান, পিঠাপিঠি এই ভাই-বোনের মধ্যে ছিল গভীর আত্মিক টান। একদিনে পরিবারের দুই সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা।
আগামীকাল সোমবার (৮ জুন) সকাল ১১টায় মরহুমদের বাড়ি সংলগ্ন মাধখলা মাঠে দুই ভাই-বোনের যৌথ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন করা হবে।
