গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। বর্তমানে মা ও পাঁচ শিশু সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (৫ এপ্রিল) ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই বিরল প্রসব সম্পন্ন হয়। প্রসূতি মাসুমা বেগম কাপাসিয়ার দিঘাবর গ্রামের কাজল মিয়ার স্ত্রী। প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে একে একে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।
চিকিৎসকরা জানান, সাধারণত এমন বহুগর্ভধারণে মা ও নবজাতকদের স্বাস্থ্যঝুঁকি বেশি থাকে। তবে সময়মতো উন্নত চিকিৎসা পাওয়ায় এ ক্ষেত্রে পরিস্থিতি ইতিবাচক রয়েছে। জন্ম নেওয়া প্রতিটি শিশুর ওজন ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে।
সন্তান প্রসবের পর চিকিৎসকদের পরামর্শে নবজাতকদের কাপাসিয়ার একটি মডিউল কমিউনিটি ক্লিনিকে আইসোলেশনে রাখা হয়েছে। ক্লিনিকের চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম বলেন, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তবে বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন।
এদিকে একসঙ্গে পাঁচ সন্তান পেয়ে আনন্দে আত্মহারা বাবা কাজল মিয়া। তিনি বলেন, “আমি কখনো ভাবিনি স্ত্রী-সন্তানদের নিয়ে হাসিমুখে বাড়ি ফিরতে পারব। এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।”
