সোমবার, এপ্রিল ৬, ২০২৬
No menu items!
বাড়িছবি-ঘরধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা, কুড়িগ্রামের শিক্ষক জাফর সাদিকের সৃজনশীলতা ভাইরাল

ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা, কুড়িগ্রামের শিক্ষক জাফর সাদিকের সৃজনশীলতা ভাইরাল

কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা ফুটিয়ে তুলে ব্যাপক আলোচনায় এসেছেন এক স্কুলশিক্ষক। তার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সি মানুষ।

ওই শিক্ষকের নাম জাফর সাদিক। তিনি উলিপুর পৌরশহরের পুব নাওডাঙ্গা এলাকার বাসিন্দা এবং উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
চলতি বোরো মৌসুমে নিজের প্রায় ১৭ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করছেন তিনি। এর মধ্যে ব্রি ধান-১১৩ জাতের ক্ষেতে বেগুনি রঙের ধানের চারা ব্যবহার করে জাতীয় স্মৃতিসৌধের আকৃতি ফুটিয়ে তুলেছেন। দূর থেকেই স্পষ্ট দেখা যায় এই নকশা, যা পথচারীদের দৃষ্টি কাড়ছে।
এর আগেও তিনি ধানক্ষেতে জাতীয় ফুল, জাতীয় পতাকা এবং বাংলাদেশের মানচিত্রের নকশা তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন। পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি তার রয়েছে গভীর অনুরাগ। নিয়মিত পাঠদানের পাশাপাশি নিজেই জমিতে চাষাবাদ করেন এবং সৃজনশীলতার মাধ্যমে দেশপ্রেম তুলে ধরার চেষ্টা করেন।
স্থানীয় এসএসসি পরীক্ষার্থী রাকিব হাসান, শরিফ উদ্দিন ও আমিনুল ইসলাম বলেন, “ধানক্ষেতে এমন নকশা দেখে খুব ভালো লাগছে। এর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস নতুনভাবে উপলব্ধি করতে পারছি।”
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “একজন শিক্ষক হয়ে কৃষিকাজে এমন সৃজনশীলতা দেখানো সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি আমাদের এলাকার গর্ব।”
শিক্ষক জাফর সাদিক বলেন, “শিক্ষকতা আমার পেশা, কৃষি আমার নেশা, আর দেশপ্রেম আমার বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষিক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছি। বিদ্যালয়ে আমি বইয়ের মাধ্যমে ইতিহাস শেখাই, আর মাঠে মাটির মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করি।”
উলিপুর-রাজারহাট সড়কের পাশে অবস্থিত তার এই ধানক্ষেত প্রতিদিন শত শত মানুষের নজর কাড়ছে। অনেক পথচারী থেমে ছবি তুলছেন, স্মরণ করছেন স্বাধীনতার ইতিহাস। মানুষের এই আগ্রহকেই তিনি তার কাজের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ