দীর্ঘ ১৬ বছর পর দেশে আবারও শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ৬১ জেলায় একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পার্বত্য অঞ্চলের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই সূচির বাইরে রাখা হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরীক্ষার সূচি অনুযায়ী, আজ বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।অন্যদিকে পার্বত্য তিন জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে সেখানে পরীক্ষা শেষ হবে।
প্রাথমিক বৃত্তি নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২০০৯ সালে সরকার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু করে, যার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হতো। ফলে দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো এই বৃত্তি পরীক্ষা।
