চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এবারের পরীক্ষায় প্রশ্নফাঁস বা নকলের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “আজকের এসএসসি পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি নিজে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং সিসি ক্যামেরার মাধ্যমেও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। কোথাও কোনো অনিয়ম চোখে পড়েনি।”
তিনি আরও জানান, পরীক্ষাকে সুষ্ঠু রাখতে সরকার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং সকলকে অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়েছে। এর ফলেই প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
এহছানুল হক মিলন বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ সাত দিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এসব ফুটেজ পুনরায় যাচাই করা হবে।
এ সময় তিনি আরও উল্লেখ করেন, পিএসসি ও জেএসসি পরীক্ষা সংক্রান্ত পূর্ববর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকবে।
উল্লেখ্য, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭১ হাজারের বেশি।
