ইমরুল হাসান বাবু, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হয়েছে পাঠদান কার্যক্রম। বিদ্যালয়ে ফিরেছে শৃঙ্খলা, শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য। সংশ্লিষ্টদের দাবি, ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিএনপি নেতা ও কালিহাতী উপজেলা চেয়ারম্যান পদপ্রত্যাশী মোজাম্মেল হক হিরো দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে জটিলতা তৈরি হয়। পরবর্তীতে তাঁর অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। নিয়মিত পাঠদান ব্যাহত হয়, শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায় এবং অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়। একপর্যায়ে এলাকার মানুষের কাছেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।
এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মোজাম্মেল হক হিরো। দায়িত্ব নেওয়ার পর তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেন। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে আসে এবং নিয়মিত শ্রেণি কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হয় বলে সংশ্লিষ্টরা জানান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের বাড়িতে পড়াশোনার অগ্রগতিও শিক্ষকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
বিদ্যালয় প্রাঙ্গণকে আরও মনোরম করতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা যেন অর্থাভাবে ঝরে না পড়ে, সে লক্ষ্যে বিনা বেতনে পড়াশোনার সুযোগও রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কার্যকর তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে সময়মতো ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা সহজ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কয়েকজন অভিভাবক বলেন, আগের তুলনায় বিদ্যালয়ের পরিবেশ অনেক উন্নত হয়েছে। নিয়মিত ক্লাস, শিক্ষকদের আন্তরিকতা এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশের কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে তারা এখন স্বস্তি বোধ করছেন। তাদের মতে, বিদ্যালয়ের প্রতি হারিয়ে যাওয়া আস্থা আবারও ফিরে আসছে।
শিক্ষার্থীদের মধ্যেও নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা নিয়মিত ক্লাসে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও আগ্রহ দেখাচ্ছে। শিক্ষকদের ভাষ্য, ইতিবাচক পরিবেশ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগও আগের তুলনায় বেড়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক হিরো বলেন, “এলেঙ্গা উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটিকে আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত বিদ্যালয়ে পরিণত করাই আমাদের লক্ষ্য। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উদ্বুদ্ধ করা, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে বিদ্যালয়টি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
উল্লেখ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয় ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি স্থানীয় জমিদারদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকে এটি এলাকার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
বর্তমানে বিদ্যালয়টি এলেঙ্গা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত এবং বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও কারিগরি শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
