গাজীপুরে ২০২৩ সালের অনার্স পরীক্ষার ফল প্রকাশে বিধি অনুযায়ী সর্বোচ্চ গ্রেস মার্ক নির্ধারণসহ একাধিক দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা ফল প্রকাশে অসঙ্গতি ও গ্রেডিং জটিলতার অভিযোগ তুলে ধরেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ফলাফলের ভুল ও জটিলতার কারণে অনেকেই অকৃতকার্য হচ্ছেন। এতে তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ছে এবং মাস্টার্সে ভর্তির প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। দ্রুত সমাধান না হলে তাদের ভবিষ্যৎ শিক্ষাপথ ব্যাহত হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো,বিধি অনুযায়ী সর্বোচ্চ গ্রেস মার্ক নির্ধারণ ও প্রদান
এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে উত্তীর্ণ ঘোষণা দ্রুত ফল প্রকাশ করে মাস্টার্সে ভর্তির সুযোগ নিশ্চিত করা। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
