রোজার ঈদের পর আবারও টানা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছেন মোট ৫ দিনের ছুটি।
জানা গেছে, রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি এবং মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে টানা তিন দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
এছাড়া এর আগে ১০ ও ১১ এপ্রিল যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকছে। সব মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছেন ৫ দিনের দীর্ঘ বিরতি।
অন্যদিকে সরকারি চাকরিজীবীদের জন্যও রয়েছে দীর্ঘ ছুটির সুযোগ। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল ছুটি রয়েছে। এর সঙ্গে ১৭ ও ১৮ এপ্রিল সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হবে। মাঝের দুই দিন (১৫-১৬ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলে টানা পাঁচ দিনের ছুটি ভোগ করা সম্ভব।এছাড়া ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় ওই অঞ্চলের সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি সমন্বয় করতে পারলে টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
