বাড়িঅর্থনীতিতেল-গ্যাস অনুসন্ধানে জোর, সমুদ্রে ২৪ ব্লক উন্মুক্ত করল সরকার

তেল-গ্যাস অনুসন্ধানে জোর, সমুদ্রে ২৪ ব্লক উন্মুক্ত করল সরকার

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) নিজস্ব রিগের মাধ্যমে ৬৯টি কূপ খনন এবং ৩১টি কূপের ওয়ার্কওভার সম্পন্ন করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বাপেক্সের মাধ্যমে ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ সময়কালে ২৭০ কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ, ৭০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক (২ডি) সাইসমিক জরিপ এবং ৭০০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক (৩ডি) সাইসমিক জরিপ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন করে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অফশোর গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকে আরও আকর্ষণীয় করতে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে দেশের স্বার্থ সংরক্ষণ করে মডেল প্রডাকশন শেয়ারিং কনট্রাক্ট (পিএসসি) সংশোধন করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানান, অগভীর সমুদ্রে ৯টি এবং গভীর সমুদ্রে ১৫টি ব্লক আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব ব্লকে উৎপাদন-বণ্টন চুক্তির আওতায় তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে।
জ্বালানি অনুসন্ধান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাপেক্সের জন্য দুটি নতুন অনুসন্ধান রিগ ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ‘ক্রিটিক্যাল মিনারেল এক্সপ্লোরেশন’ উদ্যোগের মাধ্যমে প্রচলিত জ্বালানি সম্পদের পাশাপাশি অফশোর গ্যাস এবং আনকনভেনশনাল হাইড্রোকার্বন অনুসন্ধানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের এ উদ্যোগ দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং আমদানিনির্ভরতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ