গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য দুই শিশু সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে প্রধান আসামি ছায়েদুল ইসলামকে (৪০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাবের দাবি, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছায়া তদন্ত চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১ জানায়, সোমবার (১৩ জুলাই) ভোররাতে শ্রীপুর পৌর এলাকার একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তার স্বামী ছায়েদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। দুই সন্তানকে নিয়ে তারা শ্রীপুরে বসবাস করতেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, কারখানা থেকে বেতন পাওয়ার পর নাসিমার কাছে তিন হাজার টাকা দাবি করেন ছায়েদুল। নেশার জন্য ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে নাসিমাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাদের আট বছরের মেয়ে ও পাঁচ বছরের ছেলে ঘরেই ছিল এবং পুরো ঘটনাটি প্রত্যক্ষ করে।
হত্যার পর পালিয়ে যান ছায়েদুল। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলার পর র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস ও মিডিয়া) শাহ আলম বলেন, “চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পরপরই র্যাব তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”
