গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গড়ে উঠা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(৪ জুন) সকাল থেকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের পাশে শ্রীপুর সরকারি কলেজ সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। প্রশাসনের এক্সকাভেটরের (ভেকু) সাহায্যে অবৈধভাবে গড়ে তোলা পাকা ও আধাপাকা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর কলেজ রোডের উত্তর পাশে অবস্থিত সরকারি জমিটি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে ব্যবসায়িক স্থাপনা নির্মাণ করেছিল। এতে সরকারের মূল্যবান সম্পত্তি বেদখল হওয়ার পাশাপাশি সড়ক সংকুচিত হয়ে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
শ্রীপুর পৌর ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল লতিফ জানান, সকালে শুরু হওয়া অভিযানে রনি ফ্যাশনসহ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুটি বড় টিনশেড স্থাপনাও অপসারণ করা হয়। অভিযানে প্রায় ১২ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, “সরকারি সম্পত্তি রক্ষা এবং জনগণের ভোগান্তি দূর করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো অবস্থাতেই সরকারি জায়গা অবৈধ দখলে রাখতে দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে সরকারি জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগের ফলে একদিকে যেমন সরকারি সম্পত্তি রক্ষা হবে, অন্যদিকে সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে জনদুর্ভোগও কমবে।
