জাতীয় পার্টি (জিএম কাদের) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা সভাপতি, সাবেক সংসদ সদস্য শরিফুল আলম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, শিবগঞ্জ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তার শরিফুল আলম জিন্নাহ জাতীয় পার্টির মনোনয়নে বগুড়া-২ আসন থেকে তিনবারের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।তিনি আরও জানান, শিবগঞ্জ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।
