গাজীপুরের মালেকবাড়ি এলাকায় অবস্থিত ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকালে কারখানাটিতে আগুন লাগে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকালে কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল। একপর্যায়ে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়া বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন যাতে ভবনের ওপরের অংশ এবং পাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর রেখে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছিল।
