স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী মৌখিকভাবে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি।
মো. তৌফিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী আমাকে নামগুলো পরিবর্তন করতে বলেছেন। হয়তো চিঠি আসবে। তবে উনি বলেছেন, তাই আমরা কাজ শুরু করব। মৌখিক নির্দেশনা পেয়েছি।”
তিনি আরও জানান, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
এর আগে, গত ১১ জুন জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ী’ এবং মোকামতলা উপজেলায় তিনটি ইউনিয়নের নাম দেওয়া হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।
তবে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’। এছাড়া তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল রেখেই দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
এই অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে জনমনে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
