নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির হোসেন (২৭) এবং একই এলাকার বাসিন্দা বাবুল (৩৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ইজিবাইক চালক রাব্বি, যাত্রী মিঠুন সাহা ও মজনুকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রাজিব নামে আরেক যাত্রীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, নিহত একজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। পলাতক ট্রাকচালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।
