বাড়িজাতীয়নদী হারানোর বেদনা, দূষিত পানিতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ

নদী হারানোর বেদনা, দূষিত পানিতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে দখল ও দূষণের শিকার লবণদহ নদী রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতীকী কাগজের নৌকা ভাসানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানিতে কাগজের নৌকা ভাসিয়ে নদীর বর্তমান করুণ অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানান পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মাওনা ব্রিজ এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, নদী ও প্রকৃতি ফাউন্ডেশন এবং সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একসময় নৌযান চলাচলে ব্যস্ত লবণদহ নদী বর্তমানে দখল, দূষণ ও অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও কালো দুর্গন্ধযুক্ত পানি পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।
কর্মসূচিতে বক্তব্য দেন শ্রীপুর নদী পরিব্রাজক দলের নারী ও শিশু বিষয়ক সম্পাদক নিতু চৌধুরী। তিনি বলেন, “নদীর তীরে এখনো নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। এর আগে প্রতিবাদ কর্মসূচির পর কিছু বর্জ্য সরানো হলেও আবারও একই অবস্থা তৈরি হয়েছে। নদীর এই দুর্দশা আমাদের ব্যথিত করে। তাই আজকের কাগজের নৌকা ভাসানো শুধু একটি প্রতীকী কর্মসূচি নয়, এটি নদী রক্ষার আহ্বানও।”
শ্রীপুর নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী বলেন, “একসময় যে নদীতে বড় বড় নৌকা চলত, আজ সেখানে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ করতে হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও প্রাণ ফিরিয়ে আনার দাবি জানাতেই আমাদের এই আয়োজন।”
নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “নদী বাঁচানো মানে পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো। নদী দখল ও দূষণ বন্ধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতাও জরুরি।”
শ্রীপুর নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক শফি কামাল বলেন, “লবণদহ নদী পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, দূষণ নিয়ন্ত্রণ এবং নৌপথ চালুর জন্য কার্যকর উদ্যোগ নেওয়া সময়ের দাবি।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নদীর দূষিত ও দুর্গন্ধযুক্ত পানিতে সাদা কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানান এবং নদী রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ