ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার অবশেষে হাইকোর্টের আদেশে ৬ মাসের অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জানায়, সকালে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাগজপত্র যাচাই শেষে তাকে বেলা ১১টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।”এর আগে, গত ৬ এপ্রিল হাইকোর্ট আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি মেলায় পালাগানের আসরে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।পরে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এ ঘটনায় ঘিওর থানায় মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
