বাড়িজাতীয়জমি বিরোধে চাঁদাবাজির মামলা, হয়রানির অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি

জমি বিরোধে চাঁদাবাজির মামলা, হয়রানির অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া (মোড়ল মার্কেট) এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানি এবং জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিবেশী মজিবর রহমান ও নাসির শাহ ওরফে সোহেল দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে ভয়ভীতি সৃষ্টি করে জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারাই হামলার শিকার হয়েছেন এবং আইনগত প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, চকপাড়া মোড়ল মার্কেট এলাকার রজব আলীর ছেলে মজিবর রহমান ও নাসির শাহ ওরফে সোহেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে মাদক, চাঁদাবাজিসহ নানা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। প্রথমে মামলা দিয়ে চাপ সৃষ্টি এবং পরে জমি দখলের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগী পরিবার জানায়, চার বছর আগে গোলাম মোস্তফার কাছ থেকে পাঁচ গন্ডা জমি কিনে সেখানে বসতঘর নির্মাণ করেন অপু। পরে পাশের জমিতে বাড়ি নির্মাণের সময় সোহেল তাদের প্রায় এক শতাংশ জমি দখল করে ঘর নির্মাণ করেন। এরপর জমি নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। ওই মামলায় অপুর বড় ভাই টিপু সুলতান জামিনে মুক্তি পেলেও অপু এখনও কারাগারে রয়েছেন।
অপুর বড় ভাই টিপু সুলতান দাবি করেন, একাধিক গ্রাম্য সালিশে রায় তাদের পক্ষে এলেও প্রতিপক্ষ তা না মেনে ধারাবাহিকভাবে মামলা দিয়ে হয়রানি করছে। তাদের পরিবারের জমি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অপরদিকে রাকিব নামের এক স্বজনের দাবি, তাদের নির্মিত ঘরের পাশে পানি নিষ্কাশনের জন্য তিন ফুট জায়গা ফাঁকা রাখা হয়েছিল। সেই অংশ দখল করে ঘর নির্মাণ করা হয়েছে এবং এখন পুরো জায়গা দখলের উদ্দেশ্যে মামলা দেওয়া হচ্ছে।
এদিকে কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, সোহেল দুই বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান এবং পরে আবার বাথরুমে পড়ে আহত হন। অথচ দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, অপুর হামলায় তার পা ভেঙেছে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে তারা দাবি করেন।
সোহেলের শাশুড়ি সমলা বলেন, অপুর জমির ওপর সোহেলের ঘরের একটি অংশ রয়েছে। তবে জমি বিরোধকে কেন্দ্র করে দায়ের করা চাঁদাবাজির মামলা মিথ্যা কি না এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযুক্ত নাসির শাহ ওরফে সোহেল বলেন, দুই বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার পা ভেঙেছিল। পরে গত ১৪ জুলাই পারিবারিক ঝামেলার সময় ধাক্কা দেওয়ায় পুনরায় আঘাত পান। তবে জমি দখলের অভিযোগ তিনি অস্বীকার করেন।
স্থানীয় এক গ্রাম্য মাতবর হাসেম মোড়ল বলেন, উভয় পক্ষই ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করেছেন। তবে অপুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, অপুর জমির ওপর সোহেলের ঘরের অংশ রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে সোহেলের কর্মস্থল ঢাকা ফারিস্ট গ্রুপের এক সহকর্মীও জানান, সোহেল মোটরসাইকেল দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়েছিলেন।
এ ঘটনায় দায়ের করা মামলার নথি অনুযায়ী, গত ২৫ জুলাই শ্রীপুর থানায় আদালতের নির্দেশে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩৮০, ৩০৭, ৩৮৫, ৩৫৪ ও ৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয়। মামলায় অপু, টিপু সুলতান, গোলাম মোস্তফাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মজিবর রহমান বলেন,আমার মেয়ের জামাতা জমি কিনে বাড়ি ঘর তৈরি করেছে। বাড়ি তৈরি করার সময় অপুরা চাঁদা দাবি করছে এমন কোন রেকর্ড বা তথ্য উনি দিতে পারে নাই।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে যা প্রমাণিত হবে, সেই অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ