শুক্রবার, মার্চ ২০, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে আজাদ (৩৮) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আজাদ নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও বদরউদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় আজাদকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজাদ জানান, তিনি নিজের আমবাগান দেখতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখেন। বাগান দেখে ফেরার পথে হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি চালালে তিনি আহত হন। তার ধারণা, অন্যদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় জানান, আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ছররা গুলির আঘাত। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত। এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সীমান্তে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ