গাজীপুরের শ্রীপুরে তেল ওভারফ্লো থেকেই পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেল পাম্প ও আশপাশের লোকজন।
রোববার (২৪ মে) রাত ৯টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তার দক্ষিণ পাশে অবস্থিত মাওনা স্টার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পাম্পে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় জনতা ও পাম্পে থাকা গ্রাহকদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পুরো ফিলিং স্টেশন।
ভুক্তভোগী মোটরসাইকেল চালক মীর হোসাইন পাটওয়ারী উপজেলার মাওনা চৌরাস্তা হাজী সুপার মার্কেটের “মীর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি” প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। তিনি জানান, ব্যক্তিগত কাজ শেষে মাওনা স্টার ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে ফুল ট্যাংক তেল নেন। পরে কিছু দূরে গিয়ে মোটরসাইকেলে সেলফ দিতেই অতিরিক্ত তেল ইঞ্জিনের ওপর পড়ে আগুন ধরে যায়।
তিনি অভিযোগ করেন, আগুন লাগার পর পাম্পের কয়েকজন কর্মচারী তাকে উদ্ধার করার পরিবর্তে মারধর শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় পাম্পে থাকা গ্রাহক ও স্থানীয় লোকজন দ্রুত মোটরসাইকেলটি পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পেট্রোল পাম্পের মতো স্পর্শকাতর স্থানে এমন ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
এ বিষয়ে পাম্পের ম্যানেজার বলেন, “গ্রাহককে ফুল ট্যাংক তেল দেওয়া হচ্ছিল। মোটরসাইকেলের ট্যাংকে আগে থেকেই তেল থাকায় অতিরিক্ত তেল বাইরে পড়ে যায় এবং সেখান থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়। পাম্পে থাকা লোকজন দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তেল সরবরাহ কার্যক্রম চালু আছে।”
