রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

গাজীপুরের শ্রীপুরে স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার আনসার রোড-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ইসলাম আরিয়ান (৮) দিনাজপুর জেলার সজল ইসলামের ছেলে। বাবা-মায়ের সঙ্গে কেওয়া বাজারের দক্ষিণ পাশে ফখরুদ্দিন টেক্সটাইল সংলগ্ন শফিকুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করত। সে স্থানীয় কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিদ্যালয় ছুটির পর বন্ধুদের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল তানভীর। স্কুল থেকে কিছুটা দূরে কলমউদ্দিন চেয়ারম্যানের বাড়ির কাছে সড়কের পাশে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছিল সে। এ সময় তার সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ পেছনের দিকে সরতে গেলে শিশুটি চাকায় পিষ্ট হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, “বিদ্যালয় ছুটির পর রাস্তার পাশে বাবার জন্য অপেক্ষা করছিল শিক্ষার্থীটি। হঠাৎ কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”
নিহতের বাবা সজল ইসলাম বলেন, “প্রতিদিনের মতো আজও আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ একটি কাভার্ডভ্যান পেছনে আসার সময় তাকে দেখতে না পেয়ে এই দুর্ঘটনা ঘটে।”
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ