বাড়িজাতীয়একই দিনে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে চিরনিদ্রায়

একই দিনে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে চিরনিদ্রায়

গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র ও বর্ষীয়ান রাজনীতিক আলহাজ আনিসুর রহমান এবং তার ছোট বোন রাশিদা আক্তারকে পাশাপাশি দাফন করা হয়েছে। ভাইয়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোকে আক্রান্ত হয়ে বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সকাল ১১টায় শ্রীপুর উপজেলার মাধখলা এলাকায় তাদের বাড়ির পাশের স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রথমে আনিসুর রহমানের এবং পরে তার ছোট বোন রাশিদা আক্তারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের।
জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভিড় করেন। এতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন আনিসুর রহমান। রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছোট বোন রাশিদা আক্তার মানসিকভাবে ভেঙে পড়েন। পরে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, ভাই-বোন দুজন ছিলেন পিঠাপিঠি। শৈশব থেকে তাদের মধ্যে ছিল গভীর স্নেহ ও আত্মিক বন্ধন। একই দিনে তাদের মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে গভীর শোকে নিমজ্জিত করেছে।
জানাজায় বক্তারা আনিসুর রহমানের জনসেবামূলক কর্মকাণ্ড, রাজনৈতিক নেতৃত্ব এবং শ্রীপুর পৌরসভার উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।
একই দিনে দুই ভাই-বোনের মৃত্যুতে মাধখলা গ্রামসহ পুরো শ্রীপুরে শোকের আবহ বিরাজ করছে। শেষ বিদায়ে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধারই বহিঃপ্রকাশ

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ