ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের (৩০) মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বেলা ১১টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর ফটকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত হয়ে নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, সরকারের উদ্যোগে মরদেহ দেশে আনা ও প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী আরও জানান, মোশাররফ হোসেনের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। তার দুই সন্তানের পড়াশোনার ব্যয়ভারও সরকার বহন করবে। এছাড়া সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।
