সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে রদবদল করা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান-কে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তিনি নতুন দায়িত্বে কূটনৈতিক পরিসরে কাজ করবেন বলে জানা গেছে।
এ ছাড়া নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
