গাজীপুরের শ্রীপুরে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত গৃহবধূ মোছা. বৃষ্টি আক্তার (১৮)। তিনি উপজেলার ভাংনাহাটি গ্রামের সম্রাট ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন বৃষ্টি আক্তার। পরদিন ১৮ ফেব্রুয়ারি তার স্বামী শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১১৭৭) করেন। নিখোঁজের তিন দিন পর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয়রা বলেন, সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, নিখোঁজের ঘটনায় আগেই জিডি করা ছিল। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
