গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের তিনজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার(২৯ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট তিনজন শিক্ষককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে। মানববন্ধনে ছাত্রনেতা তোফায়েল আহমেদ, রাজিব, শামীম, বায়েজিদ, আরিফ, জিহাদ, শামীমা ও দৃপ্তি বলেন, শিক্ষকদের সম্মান ক্ষুণ্ন করা এবং কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
স্থানীয় সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, কলেজ ক্যাম্পাসের ভেতরে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মসজিদ স্থাপনকে কেন্দ্র করে প্রভাষক সেলিম হোসেন, প্রভাষক সাজেদুল আলম পলাশ এবং প্রদর্শক শাহজাহান মিয়ার বিরুদ্ধে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আদালতে একটি ব্যক্তিগত মামলা দায়ের করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় ব্যক্তি হাজী মোহাম্মদ আকতার হোসেন আকুল ওই মামলা দায়ের করেন।
