গাজীপুরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
আহত পুলিশ সদস্য মো. হাবিব (৪০) গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত উপপরিদর্শক (এসআই)।
বৃহস্পতিবার (সকাল সাড়ে ১১টা) জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ‘চাপাই এক্সপ্রেস’ ট্রেনটি ৪ নম্বর লাইনে প্রবেশের সময় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন ওই পুলিশ কর্মকর্তা। অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন।
তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে তাকে। জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক কাইয়ুম আলি জানান, সকালে অফিসের কাজে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন মো. হাবিব। কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রেললাইন পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রেলওয়ে পুলিশ।
