তারেক রহমান তাঁর ছেড়ে দেওয়া বগুড়া–৬ আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর আগে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে ইসিতে লিখিত পত্র জমা দেন।
সোমবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেন। গেজেটে উল্লেখ করা হয়, বগুড়া-৬ ও ঢাকা–১৭—উভয় আসনে নির্বাচিত তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফা অনুযায়ী একটি আসন বেছে নেওয়ার বিধান অনুসরণ করে ঢাকা–১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানিয়েছেন। ফলে নিয়ম অনুযায়ী বগুড়া–৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে তিনি দুটি আসনেই জয়লাভ করেন। নির্বাচনে বিএনপি ও তাদের মিত্ররা মোট ২১২টি আসনে জয় পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের অবস্থানে পৌঁছায়।
এদিকে মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের কথা রয়েছে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বগুড়া–৬ আসন শূন্য ঘোষণার ফলে সেখানে শিগগিরই উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
