দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭ জন। এর মধ্যে ৯৬৬ জনকে সন্দেহজনক এবং ১১১ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৬৩৪ জন।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত রোগীদের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। একই সঙ্গে জ্বর, শরীরে লালচে দানা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তারা।
