দীর্ঘ ১৯ বছর ধরে জলাবদ্ধতার ভোগান্তির প্রতিবাদে জামালপুর শহরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৪ মে) বেলা ১১টা ১০ মিনিটের দিকে তারা সড়কে অবস্থান নিলে মহাসড়কের টাঙ্গাইলমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
অবরোধে অংশ নেন জামালপুরের দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে ফসলি জমি, ঘরবাড়ি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বিক্ষোভকারীরা জানান, সামান্য বৃষ্টি হলেই এলাকাজুড়ে পানি জমে যায়। এতে কৃষিজমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও চরম ভোগান্তি তৈরি হয়। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান না পাওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।
অবরোধের কারণে মহাসড়কের টাঙ্গাইলমুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
স্থানীয়রা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
